
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা শুরু হয়েছে। স্থানীয়দের কাছে ‘সূর্যখোলা’ নামে পরিচিত এ মেলা তিন দিনব্যাপী চলবে।
প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মাঘ মাসের শুক্লপক্ষের শেষ রবিবার সূর্যদেবের পূজার মধ্য দিয়ে মেলার সূচনা হয়। এবারও জ্যৈষ্ঠ্যপুরা কানুরদিঘীর পাড়ে সূর্যমন্দির সংলগ্ন মাঠে বসেছে এ আয়োজন।
মেলায় বসেছে নিত্যপ্রয়োজনীয় ও ঐতিহ্যবাহী পণ্যের দোকান। ফুলের ঝাড়ু, পোড়া আলু, বাঁশ-বেতের তৈরি আসবাব, শীতলপাটি, তালপাতার হাতপাখা ও মাটির তৈজসপত্রে জমে উঠেছে বেচাকেনা। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা।
জ্যৈষ্ঠ্যপুরা সূর্যমন্দির মেলা কমিটির সাধারণ সম্পাদক বসুতোষ দাশ জানান, প্রায় ২২০ বছরের পুরোনো এ মেলায় সব সম্প্রদায়ের মানুষ অংশ নেন। নিরাপত্তার জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে।
মেলা কমিটির উপদেষ্টা দয়াল হরি দে বলেন, ১৮০৫ সাল থেকে মেলাটি চলে আসছে বলে জানা যায়।
তবে স্থানীয়রা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে মেলার জৌলুশ কমেছে। আগের মতো বড় মাছ ও ঐতিহ্যবাহী আয়োজন এখন আর তেমন দেখা যায় না। তবুও সম্প্রীতির বন্ধনে মানুষকে একত্রিত করছে এই ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা।